
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে জীবন রহমান (৪৫) নামে এক পুলিশ উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে প্রশিক্ষণের অংশ হিসেবে দৌড়ানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জীবন রহমানের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। তিনি ঢাকার সাভারে বসবাস করতেন এবং ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে প্রশিক্ষণরত এসআইদের জন্য এক কিলোমিটার দৌড়ের কর্মসূচি চলছিল। দৌড়ানোর একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে বসে পড়েন জীবন রহমান। বিষয়টি বুঝতে পেরে তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply