বিশ্বকাপ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল জার্মানি

বিশ্বকাপ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল জার্মানি

বিশ্বকাপ শুরুর আর এক সপ্তাহও বাকি নেই। এরই মাঝে জার্মানির জন্য দুঃসংবাদ হয়ে এসেছে তরুণ মিডফিল্ডার লেনার্ট কার্লের চোট। শুক্রবার অনুশীলনের সময় গুরুতর চোট পেয়েছেন তিনি। তার চোটের ব্যাপারটি নিশ্চিত করেছেন জার্মানির প্রধান কোচ জুলিয়ান নাগেলসমান। ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন তিনি। 

চোটের ধরণ নিয়ে এখনই চূড়ান্ত তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে তার মাংসপেশির ফাইবার ছিঁড়ে (মাসল ফাইবার টিয়ার) গেছে। জার্মান সংবাদমাধ্যম ‘ব্লিড’ এবং স্কাই স্পোর্টসের বরাতে জানা গেছে, এই চোটের কারণে কার্লের বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

জার্মান কোচ নাগেলসমান অবশ্য এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চাননি। আসন্ন শনিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তিনি বলেন, ‘ভালো মনে হচ্ছে না। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আমাদের এখন রিপোর্টের অপেক্ষা করতে হবে।’

তবে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে এই তরুণ মিডফিল্ডার বিশ্বকাপে খেলতে পারবেন না।

লেনার্ট কার্ল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার এবং তার বয়স মাত্র ১৮ বছর। এর আগেও চলতি বছরের ১০ এপ্রিল একই ধরনের চোটে পড়েছিলেন তিনি। তখন তার পেশিতে টান লেগেছিল এবং ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। সেই সময়ে তিনি ছয়টি ম্যাচ মিস করেন, যার মধ্যে ছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবং সেমিফাইনালের প্রথম লেগ প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে তিনি মাত্র পাঁচ মিনিট মাঠে ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *