বিআরটিসি বাস ইজারা বাতিলের দাবি রোড সেফটি ফাউন্ডেশনের

বিআরটিসি বাস ইজারা বাতিলের দাবি রোড সেফটি ফাউন্ডেশনের

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ইজারা দেওয়ার প্রথা বন্ধ করে জনসাধারণের জন্য পরিবহনসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। একই সঙ্গে বিআরটিসির বাস ব্যবস্থাপনা, লোকসানের কারণ এবং বাস ডাম্পিং-সংক্রান্ত বিষয়গুলো তদন্তে বিচারপতি, অর্থনীতিবিদ ও গণপরিবহন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (৭ জুন) এক যুক্ত বিবৃতিতে রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাসিনা বেগম, ড. কামরান উল বাছেত, আব্দুল্লাহ মো. ফেরদৌস খান ও নির্বাহী পরিচালক সাইদুর রহমান এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, বিআরটিসি একটি রাষ্ট্রীয় পরিবহন সেবা প্রতিষ্ঠান, যার বাস জনগণের করের টাকায় ক্রয় করা হয়। এসব বাসের কাঠামো ও ভাড়া সাধারণ যাত্রীদের জন্য উপযোগী হলেও দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক বাস শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হচ্ছে। ফলে বাসগুলো দিনের অধিকাংশ সময় অব্যবহৃত থাকছে, আর সাধারণ যাত্রীরা বাধ্য হয়ে বেসরকারি জরাজীর্ণ বাসে দুর্ভোগ পোহাচ্ছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *