অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল 

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল 

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত দেশে পরিণত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার ভোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে বলেন, অর্থনীতিতে সাম্য ও ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি বিগত আমলের গড়ে ওঠা অলিগার্কদের (স্বার্থান্বেষী প্রভাবশালী গোষ্ঠী) ধ্বংস করা এই নতুন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

আজ শনিবার (১৩ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমি আজ এখানে কোনো প্রাদূর্ভাব বা প্যানেল আলোচক হিসেবে আসিনি; বরং দেশের মূল অর্থনৈতিক লক্ষ্য অর্জনে আমাদের নতুন সরকারের সুদৃঢ় প্রতিশ্রুতি ও অঙ্গীকার তুলে ধরতেই এসেছি। এই সেশনের মূল প্রতিপাদ্য হলো—ঝুঁকি মোকাবিলা করা, অর্থনৈতিক স্থিতিস্থাপকতাকে কাজে লাগানো এবং নতুন উদ্যম ও সঠিক দিকনির্দেশনা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। আমি বিশ্বাস করি, এই ভাবনাটিই আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের মানসিকতাকে ধারণ করে।’

তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ১০০ দিনের কিছু বেশি সময় অতিবাহিত হয়েছে। তবে এই অল্প সময়েই সরকারের লক্ষ্য ও আকাঙ্ক্ষা অত্যন্ত সুদৃঢ় ও স্পষ্ট। নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সরকার যেকোনো ধরনের যুগান্তকারী পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *