
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০২: ৫৪আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৩: ০৮
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার খুব কাছাকাছি চলে যেতে পারে। সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এ মূল্যায়ন করা হয়েছে।
মঙ্গলবার ওয়াশিংটনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে চলে যেতে পারে। তেল, গ্যাস, খাবারের দাম বেড়ে চলতি বছর ও আগামী বছরজুড়ে তা অপরিবর্তিত থাকলে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে এমনটি ঘটতে পারে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। এর মানে হচ্ছে- বিশ্ব অর্থনীতিতে মন্দার খুব কাছাকাছি পরিস্থিতি তৈরি হওয়া, যা ১৯৮০ সালের পর মাত্র চারবার ঘটেছে। এর সর্বশেষ উদাহরণ হলো কোভিড-১৯ মহামারির সময়”, বলা হয়েছে প্রতিবেদনে।
ছয় সপ্তাহেরও বেশি সময় আগে ইরানে যুদ্ধ শুরুর পরপরই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম বেড়েছে। এরপর গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও পাকিস্তানে দুই দেশের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। হরমুজ প্রণালিতে সংকট না কাটায় জ্বালানির দামেও এর প্রভাব পড়ে চলেছে।

Leave a Reply