
স্বামী আলমগীর গাজি ও স্ত্রী এলিজা বেগম © সংগৃহীত ও সম্পাদিত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী এলাকার জঙ্গলে অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়া এক নারীর অর্ধগলিত মরদেহের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রী এলিজা বেগমকে (৫২) শ্বাসরোধ করে হত্যার পর জঙ্গলে ফেলে রাখেন তার স্বামী আলমগীর গাজি (৩৬) ও তার সহযোগী আব্দুল কুদ্দুস (৩৫)। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য উঠে এসেছে।
শুক্রবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম। এর আগে গত ৩ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার মূল পরিকল্পনাকারী আলমগীর গাজি।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত এলিজা বেগম কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোয়াটি গ্রামের মৃত ইব্রাহিম আলীর মেয়ে। তিনি কুড়িগ্রাম আদালতে আইনজীবীদের সঙ্গে মহুরী হিসেবে কাজ করতেন। অপরদিকে আলমগীর গাজি খুলনার কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামের মুনসুর রহমান গাজির ছেলে এবং পেশায় চিপস ব্যবসায়ী। সহযোগী আব্দুল কুদ্দুস কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

Leave a Reply