রাজধানীতে স্কোয়াশের মহাযজ্ঞ, পর্দা উঠছে ১০ জুন

রাজধানীতে স্কোয়াশের মহাযজ্ঞ, পর্দা উঠছে ১০ জুন

৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতার ট্রফি উন্মোচন © সংগৃহীত

দেশের স্কোয়াশ অঙ্গনে আবারও শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের বড় আয়োজন। আগামী ১০ জুন থেকে রাজধানীতে শুরু হচ্ছে “টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৬”। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে এবং টুরাগ অ্যাক্টিভ-উর্মী গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়েরা অংশ নেবেন।

সোমবার (৮ জুন) বাংলাদেশ অলিম্পিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, এসপিপি, এনডিসি, পিএসসি, এমবিএ, এমফিল।

সংবাদ সম্মেলনে প্রধান অথিতি হিসেবে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মু. হাসান উজ জামান, এনডিইউ, এএফডাব্লিউসি, পিএসসি, এমফিল; বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মেজর (অব.) ইমরুজ আহম্মেদ, সেক্রেটারী জেনারেল জুবাইদুর রহমানসহ বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের কর্মকর্তারা, আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান টুরাগ অ্যাক্টিভের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসন্ন টুরাগ অ্যাক্টিভ ষষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৬-এর চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন করা হয়। ফেডারেশনের কর্মকর্তা এবং টুরাগ অ্যাক্টিভের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচনের মাধ্যমে শুরু হয় এবারের প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা।

সংবাদ সম্মেলনে স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মু. হাসান উজ জামান বলেন, এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল, ক্রীড়া প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ক্লাবের খেলোয়াড়েরা অংশ নেবেন। ইতোমধ্যে খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঠাকুরগাঁও, সিলেট, কুমিল্লা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং ঢাকার বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানে বাছাইপর্বের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *