
বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খায় ব্রাজিল। দলের সবচেয়ে বড় তারকা নেইমার চোটের কারণে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারেননি। তবে শারীরিকভাবে দলের সঙ্গে থাকতে না পারলেও মন থেকে যে তিনি সতীর্থদের পাশেই আছেন, সেটিই স্পষ্ট করে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায়।
বাংলাদেশ সময় আজ ভোর চারটায় মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দলের জন্য শুভকামনা জানিয়ে নেইমার লেখেন, ‘আগামীকালই সেই দিন। সব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত। এগিয়ে চলো ব্রাজিল!’
পিঠের কাফ মাসলে চোট পাওয়ার পর গত প্রায় দশ দিন ধরে দলের মূল অনুশীলনের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা। বর্তমানে তিনি ফিজিওথেরাপি ও বিশেষ পুনর্বাসন কার্যক্রমের মধ্য দিয়ে সুস্থ হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলের মেডিকেল স্টাফও তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন।
গত সোমবার নেইমারের চোটের সর্বশেষ অবস্থা মূল্যায়নের জন্য একটি এমআরআই পরীক্ষা করা হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, তার পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচকভাবেই এগোচ্ছে। তবে ঠিক কবে তিনি মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সময়সীমা জানানো হয়নি।

Leave a Reply