
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধনে ছাত্রমঞ্চ নেতৃবৃন্দ © টিডিসি
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও টেকসই করে গড়ে তুলতে জাতীয় পর্যায়ে ‘গ্রিন ক্যাম্পাস র্যাঙ্কিং’ চালুসহ ৫ দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রমঞ্চ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলগুলোতে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের নেতৃত্বে ‘গ্রিন মুভমেন্ট’ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (৫ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ জাতীয় ছাত্রমঞ্চের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, একজন শিক্ষার্থী বা তার অভিভাবক কোনো শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেওয়ার ক্ষেত্রে যেমন শিক্ষার মান, শিক্ষকদের যোগ্যতা, অবকাঠামো ও নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করেন, তেমনি প্রতিষ্ঠানটি কতটা পরিবেশবান্ধব, সেটিও গুরুত্বপূর্ণ বিবেচ্য হওয়া উচিত।
জলবায়ু পরিবর্তনকে বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে নাঈম আহমাদ বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। ফলে পরিবেশবান্ধব উদ্যোগ বাড়ানোর কোনো বিকল্প নেই। দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই পরিবেশ রক্ষার আন্দোলনও বিশ্ববিদ্যালয়গুলো থেকেই শক্তিশালী ভিত্তি পেতে পারে।

Leave a Reply