
ম্যাচের শুরুটা পুরোপুরিই মরক্কোর দখলে ছিল। আক্রমণের পর আক্রমণে ব্রাজিলের রক্ষণভাগকে ব্যস্ত রাখছিল উত্তর আফ্রিকার দলটি। তবে প্রথম ধাক্কা সামলে ধীরে ধীরে ছন্দে ফিরছিল সেলেসাওরা। বলের দখল বাড়িয়ে আক্রমণ গড়ার চেষ্টা করছিল তারা। কিন্তু ঠিক তখনই আসে বড় ধাক্কা।
ম্যাচের ২১তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণ থেকে এগিয়ে যায় মরক্কো। মাঝমাঠ থেকে নিখুঁত এক থ্রু পাস বাড়ান দলের তারকা ব্রাহিম দিয়াজ। সেই পাস ধরে রক্ষণভাগ ভেঙে সামনে এগিয়ে যান ইসমায়েল সাইবারি। এরপর দ্রুত বেরিয়ে আসা ব্রাজিল গোলরক্ষক আলিসনের মাথার ওপর দিয়ে দারুণ এক চিপ শটে বল জালে পাঠিয়ে দেন তিনি। চোখজুড়ানো সেই ফিনিশিংয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো।
অবশ্য গোল পাওয়ার ইঙ্গিত তারা দিয়েছিল ম্যাচের শুরুতেই। ষষ্ঠ মিনিটে ডান প্রান্ত দিয়ে ছোট ছোট পাসে গড়ে তোলা আক্রমণ থেকে ব্রাজিলের ডি-বক্সে বল পেয়ে যান তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। বল নিয়ন্ত্রণে নিয়ে গোলমুখে শটও নিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে অসাধারণ ব্লক করে নিশ্চিত গোল বাঁচান ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।

Leave a Reply