
প্রথমবারের মতো স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি শুরু করতে যাচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। রোববার (৭ জুন) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় পছন্দক্রম ও মেধাক্রম অনুযায়ী ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে বিভাগ প্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। পরে আগামী সোমবার (৮ জুন) থেকে শুরু হবে ভর্তির কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নোটিশে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি কার্যক্রম রোববার দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে গুচ্ছের ওয়েবসাইট থেকে সম্পন্ন করতে হবে।
এছাড়া এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও ৫ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি জমাদানের রশিদসহ একটি A4 সাইজের খামে আবেদনকারীর নাম ও গুচ্ছ রোল নম্বর উল্লেখ করে সশরীরে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের শিক্ষার্থীদের আগামী ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের তৃতীয় তলার ৩১০ নম্বর কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
আরও পড়ুন: দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে স্কুল-কলেজ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর স্বাক্ষর ও সিলযুক্ত জমাদান রশিদ সংগ্রহ করতে হবে। পরবর্তীতে মূল নম্বরপত্র ফেরত নেওয়ার সময় এই রশিদ প্রদর্শন করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের আহ্বান করছি।

Leave a Reply