
ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন আবারও মাঠে খেলার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েছেন। বিশ্বকাপকে সামনে রেখে ডেনমার্ক ও ইউক্রেনের মধ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এই ভয়াবহ ঘটনা ঘটেছে।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে এরিকসেন হঠাৎ বুকে হাত দেন এবং এরপর মাঠেই পড়ে যান। সঙ্গে সঙ্গে চিকিৎসা দল মাঠে প্রবেশ করে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডেনমার্ক ফুটবল ফেডারেশন জানায়, হাসপাতালে নেওয়ার পর তিনি জ্ঞান ফিরে পান এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।
ফেডারেশন জানায়, ‘তিনি নিজে নিজেই মাঠ ছেড়েছেন। অল্প সময়ের জন্য তিনি জ্ঞান হারান, কিন্তু খুব দ্রুত জ্ঞান ফিরে পান। আমরা দ্রুত তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। এখন তাকে হাসপাতালে আরও পরীক্ষা করা হবে, যাতে বোঝা যায় এই ঘটনার কারণ কী।’
এই ঘটনার পর আবারও তার স্বাস্থ্য নিয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে। কারণ এরিকসেন এর আগেও একই ধরনের ভয়াবহ ঘটনার মুখোমুখি হয়েছিলেন।

Leave a Reply