
> জাতীয় গোলটেবিল বৈঠকে বিশিষ্ট নাগরিকদের মত
সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী ভিত্তিহীন বয়ান, প্রোপাগান্ডা সমাজে অনৈক্য তৈরি করছে বলে মনে করেছেন বিশিষ্ট নাগরিকরা। জাতিকে বিভাজিত করার এ ধরনের প্রবণতা রোধে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপের করেছেন। একই সঙ্গে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি জানান দেশের বিশিষ্টজনরা।
সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব বিষয় তুলে ধরেন। সিটিজেনস ফোরাম বাংলাদেশ (সিএফবি) আয়োজিত ‘ফলস ন্যারেটিভস, প্রোপাগান্ডা অ্যান্ড ডিসইউনিটি : থ্রেটস টু স্ট্যাবিলিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইউনিটি’ শীর্ষক এই অনুষ্ঠানে বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে কীভাবে উদ্বেগজনক হার ও গতিতে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ছে- তা তুলে ধরেন।


















