
দেশে প্রকাশ্যেই চলছে ফ্রি ফায়ার গেমের বড় বড় আসর © টিডিসি সম্পাদিত
তরুণ ও কিশোরদের মারাত্মক আসক্তি, নৈতিক ও সামাজিক অবক্ষয়, অবৈধ আর্থিক লেনদেন ও অর্থ পাচার এবং মানসিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের কারণ দেখিয়ে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় অনলাইন গেম ‘ফ্রি ফায়ার’। অথচ চলতি বছরের ২৪ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেছে ‘ফ্রি ফায়ার বাংলাদেশ প্রিমিয়ার লিগ সিজন ২’- এর আসর। আবার এ মাসের ৬ তারিখেই দেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ ২০২৬ স্প্রিং’-এর গ্র্যান্ড ফাইনাল। তাদের নিজস্ব ফেসবুক পেজে রীতিমতো প্রচারও করেছিল আয়োজক কর্তৃপক্ষ।
তথ্য বলছে, মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিট আবেদনের প্রেক্ষিতে ২০২১ সালের ১৬ আগস্ট বাংলাদেশের হাইকোর্ট ফ্রি ফায়ার গেমটি নিষিদ্ধ করার নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশনার পর একই বছরের ২৫ আগস্ট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের সব মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট গেটওয়ে থেকে গেমটি ব্লক করার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে।
তবে উচ্চ আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা ও বিটিআরসির নির্দশনা তোয়াক্কা না করেই বাংলাদেশে উৎসবের আমেজে চলছে নিষিদ্ধ এই অনলাইন গেমটির কার্যক্রম। নৃশংসতা ছড়ানো এবং কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির দায়ে অভিযুক্ত হওয়ার কারণে নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর বুকে বড় ধরনের ইভেন্ট আয়োজনের তোড়জোড় চলছে। অবশ্য সমালোচনার পর কনভেনশন সেন্টার কর্তৃপক্ষ আয়োজকদের বুকিং বাতিল করে। এতে বাতিল হয় তাদের আসন্ন ইভেন্টটি।

Leave a Reply