
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে অনেক রেকর্ডই সময়ের সঙ্গে সঙ্গে ভেঙেছে, আবার নতুন রেকর্ডও গড়েছে অনেক। তবে একটি পরিসংখ্যানে এখনো অনন্য অবস্থানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে অংশ নেওয়া সেলেসাওরা নিজেদের প্রথম ম্যাচে গড়ে ঈর্ষণীয় এক ধারাবাহিকতা তুলেছে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সর্বশেষ ১৯৩৪ সালে পরাজয় এসেছিল ব্রাজিলের। এর আগে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে যুগোস্লাভিয়ার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল তারা। চার বছর পর ১৯৩৪ সালের আসরে স্পেনের বিপক্ষে ৩-১ গোলের হারই ছিল বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের শেষ পরাজয়।
এরপর কেটে গেছে প্রায় নয় দশক। ১৯৩৪ সালের ২৭ মে থেকে শুরু করে আজ পর্যন্ত বিশ্বকাপের প্রথম ম্যাচে আর কোনো দলের কাছে হারেনি ব্রাজিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিশ্বকাপ কয়েক বছর বন্ধ থাকলেও মাঠে ফিরেই নিজেদের সেই দাপট ধরে রেখেছে তারা।
১৯৩৮ সালের বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা ২০টি আসরের প্রথম ম্যাচে অপরাজিত রয়েছে ব্রাজিল। এই ২০ ম্যাচের মধ্যে ১৭টিতে জয় পেয়েছে তারা, আর বাকি ৩টি ম্যাচ ড্র হয়েছে।

Leave a Reply